ফুলবাড়ীয়াতে ঘন কুয়াশায় শিমখেতে পচন রোগ দেখা দিয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। শিম চাষি ফজলুল হক জানান, তিনি চার কাঠা জমিতে শিম চাষ করেছেন। মাত্র ১০ হাজার টাকা বিক্রির পর শিমখেতে দেখা দিয়েছে পচন রোগ। আক্রান্তের কদিনের মধ্যেই মরে যাচ্ছে গাছ। আরেক চাষি আবুল কালাম জানান, তার ছয় কাঠা জমির শিমে পচন রোগ দেখা গেলেও পরামর্শের জন্য কৃষি বিভাগের কাউকে পাচ্ছেন না। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জেসমিন নাহার জানান, লোকবলের সংকট রয়েছে। তার পরও খোঁজ নিয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।