পৃথক সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু

শিবগঞ্জে বুধবার সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী গ্রামের হোসেন আলির ছেলে আব্দুর রহিম (৩০) ও মোবারকপুর ইউনিয়নের খড়কপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে রেজাউল ইসলাম (১৯)। শিবগঞ্জ থানার এসআই আব্দুল আনাম জানান, খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার এবং পরিবারের অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রামে টেম্পো উলটে সিরাজুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার নগরীর বায়েজিদ থানার রৌফাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন তিন জন। সিরাজুল ইসলাম ভোলার লালমোহন উপজেলার বগিরচর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিদ্যাকুট গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় ট্রাক্টর পুকুরে পড়ে চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম লিয়াকত (৪২)। তিনি উপজেলার নাটঘর ইউনিয়নের খড়িয়ালা গ্রামের মৃত সবু মিয়ার ছেলে। বিদ্যাকুট বাজারের উত্তর পাশের সড়কের মোল্লাবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, লিয়াকত ট্রাক্টর নিয়ে বিদ্যাকুট যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এলাকার একটি পুকুর পড়ে যান। পুকুর থেকে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর তার লাশ স্থানীয়রা উদ্ধার করে।