আরো কম সময়ে বিএসটিআইর সেবা চান ব্যবসায়ীরা

আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে কীভাবে আরো কম সময়ে সেবা প্রদান করা যায়, সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বিএসটিআইর প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে নতুন নতুন পণ্যের মান প্রণয়ন ও সেসব পণ্যকে বাধ্যতামূলক মান সনদের আওতায় আনার দাবিও জানিয়েছেন তারা। গতকাল সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে বিএসটিআইর গণশুনানিতে তারা এসব কথা বলেন। রাজধানীর তেজগাঁওয়ের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে সভাপতিত্ব করেন বিএসটিআইর মহাপরিচালক ড. মো. নজরুল আনোয়ার। গণশুনানিতে নিউজিল্যান্ড ডেইরি, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, এসিআই, ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্ট, গোদরেজ হাউজহোল্ড প্রডাক্টস (বিডি) প্রাইভেট লিমিটেড, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, আরএফএল গ্রুপসহ বিভিন্ন ব্যবসায়ী ও সেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের মতামত তুলে  ধরেন। এ সময় বিএসটিআইর পরিচালক মো. তাহের জামিল, মো. আবদুল মান্নান, শামীম আরা বেগম, মো. সাজ্জাদুল বারী প্রমুখ উপস্থিত ছিলেন।