বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় পুঁজিবাজারে তালিকাভুক্ত আলহাজ টেক্সটাইল মিলসে দুই বছরের আর্থিক অবস্থা নিরীক্ষার জন্য বিশেষ নিরীক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে কোম্পানিটির সার্বিক তদারকির জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি কমিশনের অনুমোদন ছাড়া কোম্পানির কোনো সম্পদ বিক্রি, বন্ধকি, হস্তান্তর বা নিষ্পত্তি করা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে বিএসইসি। এতে সই করেছেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
নির্দেশনায় বলা হয়েছে, আলহাজ টেক্সটাইলের সর্বশেষ দুই অর্থবছরের আর্থিক হিসাবসহ (২০১৮-১৯ ও ২০১৯-২০) কোম্পানির সার্বিক বিষয় নিরীক্ষার জন্য কমিশন বিশেষ নিরীক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যার ব্যয়ভার বহন করবে কোম্পানি। একই সঙ্গে কোম্পানি কর্তৃপক্ষকে নিরীক্ষকের চাহিদা অনুযায়ী সহযোগিতা করতে হবে। ‘কমিশনের অনুমোদন ছাড়া কোম্পানির কোনো সম্পদ বিক্রি, বন্ধকি, হস্তান্তর বা নিষ্পত্তি করা যাবে না’ বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।