মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাসচাপায় আল-ইমরান নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কোলাপাড়ার সমষপুর বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। আল ইমরান এলাকার হাবিবুর রহমানের একমাত্র পুত্র। সে সমষপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। জানা যায়, ইমরান ঢাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে যায়। এমন সময় মাওয়াগামী ডিএম পরিবহনের বেপরোয়া গতির একটি বাস ইমরানকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করে। হাঁসাড়া হাইওয়ে থানার এসআই গোলাম মোস্তফা বলেন, পরিবারের আবেদন সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। শ্রীনগর থানার ওসি অপারেশন মো. সফর বলেন, ট্রাফিক পুলিশ বাসটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে।