রংপুর মেডিক্যালে কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

সভাপতি এবং সাধারণ সম্পাদককে বদলির প্রতিবাদে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বুধবার দুপুর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী ইউনিয়ন। এতে হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

বুধবার দুপুর ২টা থেকে তারা হাসপাতালের সব কার্যক্রম থেকে সরে এসে মেডিক্যালের ফটকের সামনে বিক্ষোভ করে।

এ সময় সমাবেশে বক্তারা বলেন, করোনাকালীন সময়ে ইউনিয়ন সভাপতি আশিকুর রহমান নয়ন এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান রাত দিন হাসপাতালে দায়িত্ব পালন করেন। কিন্তু তাদের যথাক্রমে রাজশাহী ও পঞ্চগড়ে বদলি করা হয়েছে। বদলির আদেশ বাতিল না করা পর্যন্ত তারা কর্মবিরতি পালনের ঘোষণা দেন। এতে হাসপাতালের প্রশাসনিক সব কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। পরিচালকের কার্যালয় ঘেরাও করে এ কর্মবিরতি শুরু হয়।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোকাদ্দেস হোসেন জানান, প্রশাসনিক কারণে তাদের বদলি করেছে স্বাস্থ্য অধিদপ্তর, কর্মবিরতির কারণে সাময়িকভাবে প্রশাসনিক কার্যক্রমে অসুবিধা সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।