প্রতিবন্ধী মেয়েকে নিয়ে অর্ধাহারে দিন কাটে বৃদ্ধা হাওয়া বেগমের

শেরপুরের ঝিনাইগাতীতে মেহেরনাজ (১৬) নামে মানসিক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন বৃদ্ধা মা হাওয়া বেগম। অর্থের অভাবে আট বছর ধরে বিনা চিকিত্সায় শিকলে বন্দি অবস্থায় দিন কাটছে মেয়েটির। মেহেরনাজ ঝিনাইগাতী উপজেলা সদরের কাচারীপাড়া মহল্লার মৃত গোলাম মোস্তফার কন্যা। সে সাত বছর বয়স থেকেই ভারসাম্যহীন আচরণ শুরু করে। মেহেরনাজের বাবা বেঁচে থাকাবস্থায় সাধ্যমতো চিকিত্সা করালেও মারা যাবার পর থেকে তার চিকিত্সা বন্ধ রয়েছে।

হাওয়া বেগম (৬০) জানান, দুই ছেলে, চার মেয়েকে নিয়ে ছিল তাদের আট সদস্যের পরিবার। তিন কন্যার বিয়ে দিয়েছেন। দুই ছেলে বিয়ে করে আলাদা সংসার করছে। ছেলেদের সংসার চালাতে হিমশিম খেতে হয়। সহায়-সম্বল বলতে কিছুই নেই হাওয়া বেগমের। সরকারি খাস ২ শতাংশ জমির ওপর একটি ঘর নির্মাণ করে বসবাস করেন হাওয়া বেগম। বয়স ও শারীরিক দুর্বলতার কারণে কোনো কাজও করতে পারেন না তিনি। বর্তমানে  মেয়েকে নিয়ে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছেন তিনি। কন্যা মেহেরনাজের নামে একটি প্রতিবন্ধী ভাতার কার্ড চেয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে দীর্ঘদিন থেকে বহু আবেদন-নিবেদন করলেও তাদের ভাগ্যে কার্ড জোটেনি। এ ব্যাপারে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চান বলেন, এখন কোনো কিছু দেওয়ার সুযোগ নেই। সরকারি সাহায্য এলে পরবর্তী সময়ে দেওয়া হবে। এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ জানান, এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।