করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারিতে বিপর্যস্ত বিশ্ব। এই মহামারিতে বিশ্বে শুধু মানুষের মৃত্যুই হয়নি, বড় ধাক্কা খেয়েছে অর্থনীতিও। বিশ্বে করোনায় এখন পর্যন্ত ৮ কোটি ২৪ লাখ ৬০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে প্রায় ১৮ লাখ মানুষের। অনেক দেশে এখন করোনার দ্বিতীয় প্রবাহ চলছে। যাতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রথম প্রবাহের চেয়ে বেড়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১২ হাজারের বেশি মানুষ। আর মৃত্যু হয়েছে সাড়ে ৭ হাজারের বেশি মানুষের।
বিশ্বে এখন পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী গতকাল বুধবার রাত পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ৭০৪ জন। আর মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৫৭৯ জনের। বুধবার দেশটিতে রেকর্ড ৩ হাজার ৭০০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত, তবে দেশটি মৃত্যুর সংখ্যার বিচারে বিশ্বে তৃতীয়। ভারতে আক্রান্ত হয়েছেন ১ কোটি ২ লাখ ৪৫ মানুষ আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪৭৫ জনের।
আক্রান্তের সংখ্যায় তৃতীয় ব্রাজিল। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭৫ লাখ ৬৪ হাজার মানুষ। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৯২ হাজার ৭১৬ জনের, যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। এরপরের অবস্থানে থাকা রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩১ লাখ ৩১ হাজার মানুষ আর মৃত্যু হয়েছে ৫৬ হাজার মানুষের। আক্রান্তের সংখ্যায় পঞ্চম স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে আক্রান্ত ২৫ লাখ ৭৪ হাজার জন, মৃত্যু হয়েছে ৬৪ হাজার মানুষের। ষষ্ঠ অবস্থানে থাকা যুক্তরাজ্যে আক্রান্ত ২৩ লাখ ৮২ হাজার, মৃত্যু ৭১ হাজার। সপ্তম অবস্থানে থাকা তুরস্কে আক্রান্ত ২১ লাখ ৭৮ হাজার, মৃত্যু হয়েছে ২০ হাজার ৩৮৮ জনের। অষ্টম অবস্থানে থাকা ইতালিতে আক্রান্ত ২০ লাখ ৬৭ হাজার আর মৃত্যু হয়েছে ৭৩ হাজার জনের। নবম স্থানে থাকা স্পেনে আক্রান্ত ১৯ লাখ ৬ হাজার, মৃত্যু হয়েছে ৫০ হাজার ৪৪২ জনের। আর দশম স্থানে থাকা জার্মানিতে আক্রান্ত ১৬ লাখ ৯১ হাজার আর মৃত্যু হয়েছে ৩২ হাজার জনের।
তবে বছরের শেষদিকে করোনা ভাইরাস প্রতিরোধে টিকার উদ্ভাবন হয়েছে। ইতিমধ্যে ফাইজার ও বায়োএনটেক এবং মডার্নার উদ্ভাবিত টিকার প্রয়োগ শুরু হয়েছে। সর্বশেষ ব্রিটেন অনুমোদন দিয়েছে অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ডের উদ্ভাবিত টিকার। যা শিগগিরই সরবরাহ হবে। ব্রিটিশ সরকার আশা করছে, আগামী বসন্তে করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে। সেই প্রত্যাশায় নতুন বছরে পদার্পণ করছে বিশ্ববাসী।