বরিশালে চিকিত্সকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি

সংগঠনের জেলা সভাপতির বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা ও এসআই রিয়াজুলকে কোতোয়ালি থানা থেকে প্রত্যাহারের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন-বিএমএ বরিশাল শাখা। মঙ্গলবার বিএমএর জেলা সভাপতি ডা. মো. ইসতিয়াক হোসেনের সভাপতিত্বে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ কনফারেন্স কক্ষে সংগঠনের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লিখিত সময়ের মধ্যে তাদের দাবি পূরণ না হলে বরিশালের চিকিত্সকরা মানববন্ধন, প্রাইভেট চেম্বার বন্ধ রাখাসহ আরো কঠোর কর্মসূচি হাতে নেবেন বলে জানিয়েছেন বিএমএ বরিশালের সাধারণ সম্পাদক ডা. মো. মনিরুজ্জামান শাহিন।

জানা গেছে, বরিশালের ইসলামী ব্যাংক হাসপাতালে হার্নিয়ার ভুল অপারেশনের অভিযোগ এনে ভুক্তভোগী মো. মানিক কারিকর সম্প্রতি দুই চিকিত্সকের বিরুদ্ধে মামলা করেন। মামলার ২ নম্বর আসামি বিএমএ সভাপতি ও ঐ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ইসতিয়াক হোসেন। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মামলাটি গ্রহণ করে থানার এসআই মো. রিয়াজুল ইসলামকে তদন্তের জন্য নিযুক্ত করেন। এর পরই এসআই রিয়াজুলের বিরুদ্ধে অসদাচারণের অভিযোগ তোলে বিএমএ।

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন (বিএমপি) পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান ইত্তেফাককে বলেন, মামলা দায়েরের পর তা প্রত্যাহারের কোনো সুযোগ নেই। বাদীর অভিযোগের ভিত্তিতেই মামলা করা হয়েছে। অন্যদিকে তদন্ত কর্মকর্তার বিষয়ে যে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ আনা হয়েছে তার তদন্ত চলছে। ঐ মামলায় নতুন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।