বিদায় ২০২০

ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় শুরু হবে নতুন বছর

পশ্চিমে লালিমা ছড়িয়ে নিকষ আঁধারের নেকাব টেনে বছরের সূর্য আজ বিদায় নেবে মহাকালের যাত্রায়। ঝরা পল্লবের মত ক্যালেন্ডারের পাতা থেকে খসে পড়বে ‘২০২০’। ফেলে আসা বছরটি ভয়াল শিহরণ জাগানিয়া একটি বছর। পৃথিবীকে লন্ডভন্ড করে দেওয়ার আতংকের বছর। এক পঞ্জিকাবর্ষে এত ঘটন-অঘটন খুব কমই দেখেছে বিশ্ব। এ বছরই বৈশ্বিক মহামারী করোনাভাইরাস লন্ডভন্ড করে দিয়ে গেছে সবকিছু। পৃথিবীর সব প্রান্তের মতো সর্বনাশা এই মহামারীর অভিশপ্ত ছোঁয়া বাংলাদেশেও এসে লেগেছে। করোনায় আক্রান্ত হয়ে সারা বিশ্বে প্রাণ হারিয়েছেন লাখ লাখ লোক, যাদের মধ্যে রয়েছেন পৃথিবীকে আলোর পথ দেখানো এবং মানবসভ্যতাকে এগিয়ে নেওয়া অনেক মনীষীও।

অথচ কতকটা সুখের আবহ নিয়েই সুচনা হয়েছিল এ বছরটির। আলো ঝলমলে পরিবেশে নানা উদযাপন-অনুষ্ঠানে নতুন বছরকে স্বাগত জানিয়েছিল বিশ্বের কোটি কোটি মানুষ। কিন্তু তখন কেউই ভাবতে পারেনি, কি বিভীষিকা নিয়ে অপেক্ষা করছে ২০২০ সালটি।

করোনাভাইরাস মহামারীর কারণে ২০২০-এ পুরো বিশ্বের চেহারা ও হাল-হকিকতই বদলে গেছে। সর্বনাশা এই ভাইরাসটি বালাদেশে প্রথম শনাক্ত হয়েছিল গত ৮ মার্চ।  ভাইরাস মোকাবেলায় বছরের অর্ধেকটা সময়ই কেটে গেছে লকডাউনে। অবশিষ্ট অর্ধেক কেটেছে ভয় আর শঙ্কায়। নিজেদেরকে স্বেচ্ছা গৃহবন্দি করে রাখে বিশ্বের প্রায় ৪০০ কোটি মানুষ। এই বছরে অন্যান্য আলোচনায় ছিল নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজের অগ্রগতি,    ক্যাসিনো কান্ডে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটসহ কয়েকজন নেতাকে গ্রেফতার। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকান্ড, পিকে হালদারের অবৈধ সম্পদের পাহাড়, সিলেটের এমসি কলেজে ধর্ষণ, নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড, লঞ্চ দুর্ঘটনায় বহুমৃত্যু, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর, সিলেট নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে রায়হান আহমদের মৃত্যু, করোনার নমুনা পরীক্ষায় ভুয়া রিপোর্টর মতো আলোচিত ঘটনা। গেল বছরে বিএনপির কোন সাফল্য ছিলনা। তবে সরকার বেগম খালেদা জিয়াকে বিশেষ অনুকম্পায় শর্তসাপেক্ষে মুক্তি দেওয়ায় কিছুটা স্বস্তি ছিল তাদের মধ্যে। ২০২০ সালে বড় ধরনের কোনো রাজনৈতিক বিরোধিতার মুখে পড়তে হয়নি সরকারকে। সংঘাতময় আন্দোলনে যায়নি বিরোধী দলগুলো। বিশ্ব পরিমন্ডলে করোনা ছাড়াও বড় ঘটনা ছিল যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টালবাহানা। পৃথিবীর আনাচে-কানাচে প্রতিদিন শিশু-নারী, বৃদ্ধসহ বেশুমার মানুষ নিহত হয়েছে যুদ্ধ-বিগ্রহে, দুর্ঘটনায় ও জঙ্গী হামলায়। বসতবাড়ি হারিয়ে শরনার্থী হয়েছে লক্ষ লক্ষ অসহায় মানুষ। অতীতের মতই এ বছরও প্রত্যাশিত শান্তি আসেনি মধ্যপ্রাচ্যে। এই দু:সহ বছরের শেষ প্রান্তে এসে করোনার কয়েকটি টিকা আবিস্কৃত হয়েছে। দেশে দেশে মানুষকে দেওয়া হচ্ছে করোনা টিকা। মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। স্বপ্ন বুনছে আগামী দিনের। নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় শুরু হবে ২০২১।