গাজীপুর পুলিশের উদ্যোগে ‘চেতনায় স্বাধীনতা’ ভাস্কর্য উদ্বোধন

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘আমাদের জাতিসত্তার মূল চালিকা শক্তি মুক্তিযুদ্ধের চেতনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিসত্তার পরিপূর্ণ বিকাশ ঘটিয়েছিলেন। আত্মমর্যাদাসম্পন্ন জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে তুলে ধরতে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম।’ তিনি গতকাল গাজীপুর পুলিশ লাইনসের সামনে স্থাপিত ‘চেতনায় স্বাধীনতা’ স্মারক ভাস্কর্য ভার্চুয়ালি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত হন। অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন। এ সময় হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজিপি ও ডিআইজিগণ সংযুক্ত থাকেন।

গাজীপুর অংশে অনুষ্ঠানে পুলিশ সুপার শামসুন্নাহার সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুত্ফুল কবির, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির ও গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।

উল্লেখ্য, ‘চেতনায় স্বাধীনতা’ স্মারক ভাস্কর্যটি নৌকার আদলে তৈরি করা হয়েছে। এর মাঝখানে মূল বেদিতে সবার উপরে ব্রোঞ্জের তৈরি ভাস্কর্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নিচে দুই সারিতে জাতীয় চার নেতা শহিদ সৈয়দ নজরুল ইসলাম, শহিদ তাজউদ্দীন আহমদ, শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলী ও শহিদ এ এইচ এম কামরুজ্জামানের প্রতিকৃতি রয়েছে। দৃষ্টিনন্দন এ ভাস্কর্যটির দুই পার্শ্বে চারটি করে মোট আটটি সচিত্র ফলক রয়েছে। যাতে ৫২-এর রাষ্ট্রভাষা আন্দোলন, ৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, ৫৬-এর ভাষা স্বীকৃতি, ৫৮-এর সামরিক অপশাসন, ৬২-এর শিক্ষা আন্দোলন, ৬৬-এর ছয় দফা, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচন এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধ প্রতিফলিত হয়েছে। গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের পরিকল্পনায় ও বাস্তবায়নে স্থপতি মাহাদি মাহমুদুল হক পুলক এটি নির্মাণে সংযুক্ত ছিলেন।