করোনা ভাইরাস যেখানে প্রতিদিন মৃত্যু ঘটাচ্ছে, সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের অসতর্ক আচরণে বিস্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও শেখ রেহানার পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক। আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক গতকাল বুধবার ফেসবুকে পোস্ট দিয়ে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
তিনি লিখেছেন, ‘মাস্ক ছাড়া এত মানুষের ছবি দেখে আমি অবাক। কখনো ইনডোরে, কখনো মিটিংয়ে, পার্টিতে, কনফারেন্সে, পারিবারিক অনুষ্ঠানে, আড্ডায় তারা মাস্ক ছাড়াই জটলা করছেন। সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার কর্মী, ত্রাণকর্মী, এনজিও কর্মী, বিনোদন তারকা, বেসরকারি চাকরিজীবী—এরকম আরো অনেকে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ইতিমধ্যে ৫ লাখ সাড়ে ১২ হাজার ৪৯৬ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন; মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৫৩১ জনে। ইউরোপ-আমেরিকায় সংক্রমণের দ্বিতীয় বা তৃতীয় ঢেউ শুরু হওয়ায় বাংলাদেশ সরকার জনগণকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলছে, নাগরিকদের মাস্ক পরাতে রাস্তায় ভ্রাম্যমাণ আদালতও নামাতে হয়েছে। কিন্তু তারপরও অনেকে নানা অজুহাতে মাস্ক ছাড়াই বাইরে বের হচ্ছেন। কারও কারও মাস্ক থাকছে থুতনির নিচে।
রাদওয়ান মুজিব সিদ্দিক লিখেছেন, ‘প্রচুর মানুষ এমন ভাব করছে, যেন মহামারি শেষ হয়ে গেছে। কিন্তু তা তো নয়। যখন মাস্ক পরা বা ন্যূনতম দূরত্ব রক্ষার কথা আসে, বিজ্ঞানকে অস্বীকার করার কোনো সুযোগ আমাদের নেই। তাহলে কেন সেটা অনুসরণ করবেন না?’