রাজধানীতে বিস্ফোরকদ্রব্যসহ গ্রেফতার ৫

রাজধানীর কদমতলী ও চকবাজার এলাকা থেকে বিস্ফোরকদ্রব্যসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত মঙ্গলবার র্যাব-১০ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গতকাল র্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

র্যাব-১০-এর পাঠানো বিজ্ঞপ্তিতে জানায়, র্যাব-১০-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে কোতোয়ালির সৈয়দ আওলাদ হোসেন রোড এলাকা থেকে আল আমিন ওরফে হীরা (৩৫), আল আমিন ওরফে পাপ্পু (২৪) ও জাহিদ হোসেন ওরফে বিজয়কে (১৯) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৫ পিস বিভিন্ন ধরনের বিস্ফোরক জাতীয় দ্রব্য, তিনটি মোবাইল ফোন ও নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

এছাড়া একই দিনে চকবাজারের চক সার্কুলার রোড এলাকা থেকে উজ্জল (৩২) ও আবেদ মিরাজকে (২৪) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১২৩ পিস বিভিন্ন প্রকার বিস্ফোরক জাতীয় দ্রব্যসহ দুইটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ঢাকাসহ আশপাশের এলাকায় বিভিন্ন ধরনের বিস্ফোরকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।