সাবেক মেয়র খোকনসহ সাত জনের বিরুদ্ধে মামলা তদন্তে পিবিআই

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনসহ সাত জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। তদন্ত সম্পন্ন করে আগামী ৩১ জানুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম এই আদেশ দেন।

রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এ দোকান বরাদ্দে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র সাঈদ খোকনসহ সাত জনের বিরুদ্ধে নালিশি মামলা করা হয়। ঐ মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দুলু এ মামলা করেন। সাঈদ খোকন ছাড়াও ডিএসসিসির সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার, উপসহকারী প্রকৌশলী মাজেদ, কামরুল হাসান, হেলেনা আক্তার, আতিকুর রহমান স্বপন ও ওয়ালিদকেও বিবাদী করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, তত্কালীন মেয়রসহ অন্য বিবাদীরা দোকান বরাদ্দের কথা বলে ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করে মোট ৩৪ কোটি ৮৯ লাখ ৭০ হাজার ৫৭৫ টাকা বেনামে বিভিন্ন অ্যাকাউন্টে গ্রহণ করেন। বাদী এ লেনদেনে বাধা দেওয়ায় তাকে প্রাণহানির চেষ্টা করেন। বিবাদীরা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে থেকে কোটি কোটি টাকা নিয়েছেন কিন্তু কোনো দলিলাদি দেননি। মামলায় বিবাদীদের বিরুদ্ধে অর্থ আত্মসাত্ ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গসহ কয়েকটি অভিযোগ আনা হয়।

ফুলবাড়ীয়া সুপার মার্কেট-২ এর নকশা বহির্ভুত ৯১১টি দোকান চিহ্নিত করে গত ৮ ডিসেম্বর তা ভাঙতে অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।