রিছাং ঝর্ণায় গোসল করতে নেমে ২ পর্যটকের মৃত্যু

খাগড়াছড়ির মাটিরাঙ্গার পর্যটন স্পট রিছাং ঝর্ণায় বেড়াতে এসে পানিতে ডুবে মারা গেলেন অপু চন্দ্র দাশ (২৪) ও প্রীতম দেবনাথ (২৩) নামে দুই পর্যটক। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত প্রীতম দেবনাথ খাগড়াছড়ি সদরের রুখাই চৌধুরী পাড়ার মৃত দুলাল দেবনাথের ছেলে এবং অপু চন্দ্র দাশ লক্ষ্মীপুর সদরের ভাঙ্গাখা গ্রামের দেবব্রত দাশের ছেলে বলে জানাগেছে।

স্থানীয়রা জানায়, রিছাং ঝর্ণার উপরে দিকে আরেকটি ঝর্ণা রয়েছে। যেটি অনেক গভীর ও দুর্গম। বৃহস্পতিবার দুপুরে প্রীতম ও অপু  গোসল করতে  ঐ ঝর্ণার  নামলে  তারা পানিতে তলিয়ে যায়  । বিকেলে  স্থানীয়রা মরদেহ পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে সেনাবাহিনীর সহায়তায় পুলিশ  মরদেহ উদ্ধার করে।

নিহত অপু চন্দ্র দাশের বন্ধু সোহেল জানান, স্বপ্নীল নামে এক ছাত্রের মায়ের বাবার বাড়ি খাগড়াছড়িতে বেড়াতে আসেন অপু চন্দ্র দাশ। সেখান থেকেই স্বপ্নীলের মামা প্রীতম দেবনাথের সঙ্গে রিছাং ঝর্ণায় বেড়াতে গিয়েছিলেন  অপু।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, ঝর্ণার উৎসমুখে জমে থাকা পানির গভীর কূপে ডুবে তাদের মৃত্যু হতে পারে। পানিতে দুই পর্যটকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ  মরদেহ দুটি উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উল্লেখ্য,  গত ৬ সেপ্টেম্বর বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে রিছাং ঝর্ণার গভীর পানিতে ডুবে মলাই জ্যোতি চাকমা (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়।

ইত্তেফাক/টিআর