আজ পহেলা জানুয়ারি জাতীয় পার্টি-জেপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম দেশবাসীকে বিশেষ করে জেপির নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানিয়েছেন।
জেপির নেতৃদ্বয় বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতিতে বলেন, ১৯৮৬ সালে সামরিক শাসনের নিগড় থেকে দেশকে মুক্ত করার মহান লক্ষ্যে জাতীয় পার্টি-জেপি গঠিত হয়েছিল। জেপির বিগত ৩৫ বছর ছিল জনগণের কল্যাণে একনিষ্ঠভাবে কাজ করার গৌরবে গৌরবান্বিত। দেশের সাংবিধানিক ধারাকে শক্তিশালী করা, বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলা, ক্ষুধা-দারিদ্র্য, নিরক্ষরতা ও পশ্চাত্পদ চিন্তা থেকে জাতিকে মুক্ত করা, সুশাসন প্রতিষ্ঠা করা এবং দুর্নীতি নির্মূল করার লক্ষ্যে আজও জেপি নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে।
কখনো সরকারি দল হিসেবে বা কখনো বিরোধীদল হিসেবে জেপি ভূমিকা রেখেছে। কিন্তু মূল লক্ষ্য থেকে কখনোই বিচ্ছিন্ন হয়নি। ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই মহান লগ্নে আমরা উপরোক্ত লক্ষ্য অর্জনের জন্য নিরলস প্রচেষ্টা চালানোর শপথ গ্রহণ করব। আমরা এই লগ্নে জেপিকে শক্তিশালী করার জন্য যারা কাজ করেছেন এবং আমাদের মধ্য থেকে জেপির যেসব নেতাকর্মী পরলোক গমন করেছেন তাদের সবাইকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কর্মসূচি : জেপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এম সালাহ উদ্দিন আহমেদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৭টায় রাজধানীর লালমাটিয়ায় জেপির কেন্দ্রীয় কার্যালয়সহ সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। বিকাল ৪টায় জেপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের পুনর্মিলনী। জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম দলের সব শাখাকে স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রের অনুরূপ কর্মসূচি গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
ইত্তেফাক/জেডএইচ