আসিফের বিরুদ্ধে ন্যান্সির মামলা

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। তবে মামলার সম্পর্কে অবগত ছিলেন না আসিফ। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) তার বাড়িতে আদালতের সমন আসলে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন এই গায়িকা।

মামলার বিষয়টি নিয়ে বৃহস্পতিবার আসিফ আকবর ফেসবুকে লেখেন, ‘বছরের শেষ দিনে আদালতের সমন পেলাম। একজন স্বনামধন্য গায়িকা মামলা করেছেন। এখনো মামলার কপি উত্তোলন করিনি, তাই সঠিকভাবে কোনো তথ্য দিতে পারছি না। এতটুকু জানি, ময়মনসিংহ গিয়ে মামলা ফেস করতে হবে। হাতে কিছু সময় আছে। এদিকে কপিরাইট অফিসের জাদুতে মুগ্ধ আমি। তাদের ভুলভাল দিকনির্দেশনা এখন গলার ফাঁস হয়ে গেছে। ওখানেও অযাচিত ঝামেলায় জড়াতে হচ্ছে। এসব ঝামেলা কখনো আমি চাইনি, চাইও না। আপাতত ভুক্তভোগী, তবে জয় নিশ্চিত ইনশা আল্লাহ।’

 

বছরের শেষ দিনে আদালতের সমন পেলাম। কোন একজন স্বনামধন্য গায়িকা মামলা করেছেন। এখনো মামলার কপি উত্তোলন করিনি তাই...

Posted by ASIF on Wednesday, December 30, 2020

আসিফ আরও লেখেন, ‘যতই লুকিয়ে বেড়াই, ততই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে অযাচিত ঝামেলাগুলো। আমার বিরুদ্ধে কোনো রকম অপরাধ প্রমাণ করার কিছু আছে, তা আপাতদৃষ্টিতে দেখি না। কোর্টকাচারি লম্বাচওড়া প্রক্রিয়া। রসদ আছে প্রচুর, মামলা আমিও করতে পারি, কারও বিরুদ্ধে এসব প্ল্যান নিয়ে ভাবার সময়ও নেই। সে ক্ষেত্রে আরেক পক্ষের দাবড়ানি সহ্য করাটাই শ্রেয় মনে করেছি। আমি মামলা দিলে মানুষ বলবে, এগুলো আসিফের সঙ্গে যায় না। অসহনীয় অত্যাচার সহ্য করে যাচ্ছি সহজাত অভ্যাসের বাইরে গিয়ে। এখন আমার অনেক ধৈর্য, তবে এটা দুর্বলতা নয়।’

ইত্তেফাক/বিএএফ