দীর্ঘ ৬ বছর পর ভাঙ্গায় আওয়ামী লীগ কার্যালয়ে বর্ধিত সভা

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দীর্ঘ ৬ বছর পর এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের সমর্থকদের প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভা থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলালীগসহ অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী আওয়ামী লীগ অফিসে জড়ো হন। সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েতউল্লাহ সাকলাইন ও সাধারণ সম্পাদক ফাইজুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থকদের নিয়ে অফিসে প্রবেশ করেন। বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন। 

তিনি বলেন, হিংসার রাজনীতি ছেড়ে দেশ ও দশের উন্নয়নে রাজনীতি করুন। ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী এখন শুধু তার সংসদীয় আসনের নেতা নয়। তিনি সারা বাংলার আইডল। তিনি দলকে সুসংগঠিত করার জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্ত করতে তার নির্দেশে আমরা সব সময় কাজ করে যাব।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েতউল্লাহ সাকলাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, সরকারি কেএম কলেজের সাবেক জিএস ও যুবলীগ নেতা লাবলু মুন্সি, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর ওমর ফারুক হবি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

আরো পড়ুন : নামাজে যাওয়ার পথে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যার অভিযোগ

উল্লেখ্য, ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ফরিদপুর-৪ আসনে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহকে পরাজিত করেন। সেই সময়ে ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীকে কথিক বহিষ্কার করেন কাজী জাফরউল্লাহ।পরবর্তীতে ২০১৯ সালের একাদশ জাতীয় নির্বাচনেও নিক্সন চৌধুরীর কাছে পরাজিত হন কাজী জাফরউল্লাহ। সেই থেকে আওয়ামী লীগের বহিষ্কৃত নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ করেন নাই।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরীকে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য করেন। এরপরই চাঙ্গা হয়ে যায় কথিত বহিষ্কৃত নেতাকর্মীরা। একই সঙ্গে বহিষ্কৃত নেতাকর্মীদের বহিষ্কারাদেশ কেন্দ্র হতে ফিরিয়ে দেওয়া হয়। শুক্রবার নতুন বছরের শুরুতেই নিক্সন চৌধুরীর সমর্থক এসব নেতা-কর্মীরা বর্ধিত সভা করে দীর্ঘ ৬ বছর পর আবার তাদের কার্যালয়ে ফিরে আসে। 

 

ইত্তেফাক/ইউবি