যুগের হাওয়ায় শ্রোতাদের চাহিদা বদল হয়। রিমিক্স বা কাভারের পাশাপাশি বর্তমানে সবচেয়ে বেশি চাহিদার জায়গায় রয়েছে এখন একাধিক গানের ম্যাশ-আপ সং। শ্রোতাদের সেই চাহিদার কথা চিন্তা করেই কণ্ঠশিল্পী শফিক তুহিন বছরের শুরুর দিনে এক রকম সালতামামির মতো প্রকাশ করলেন।
এটি প্রকাশ করেছে অনুপম মিউজিক। ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। আর মডেল হয়েছেন শিল্পী নিজেই। ঐতিহাসিক ৮টি ফোকগানের সম্মিলন ঘটেছে এই আয়োজনে। নিজের কণ্ঠ ও পরিকল্পনায় এর সংগীতায়োজন করেছেন রাফি। রাধারমণ, হাছন রাজা, শাহ আবদুল করিম, দূরবীন শাহ’র জনপ্রিয় ৮টি গান এক করে ম্যাশ-আপ করেছেন এই শিল্পী। যেমনটা আগে এখানে দেখা যায়নি। গানের শিরোনামগুলো—‘মাটিরও পিঞ্জিরায়’, ‘দরদিয়া’, ‘বাউলা কে বানাইলো রে’, ‘বন্ধুরে কই পাবো সখি গো’, ‘রূপ সাগরে ঝলক মারিয়া’, ‘আগুন লাগাইয়া গেল কনে’, ‘আমার কলিজায় আমার অন্তরায়’ ও ‘নেশা লাগিলো রে’। শফিক তুহিন বলেন, ‘লম্বা বিরতির পর গানে ফিরলাম। অনেকটা দম ফিরে পাওয়ার মতোই। এই কাজটি করেছি মূলত শ্রোতা-ভক্তদের জন্য উপহার হিসেবে। মহামারির বছরটিকে বিদায় জানিয়ে নতুন বছরটিকে স্বাগত জানানোর একটা আবহ সৃষ্টি করতে চেয়েছি।’