একের পর এক ব্যবসাসফল সিনেমা আর নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করে দর্শকহূদয়ে স্থান করে নিয়েছেন অনেক আগেই। হয়তো তাই সিনেপ্রেমীদের প্রত্যাশাও তার কাছে অনেক বেশিই থাকে। প্রিয় নায়িকার কাছ থেকে নতুন কিছু পাবেন এমন আশা তার ভক্তদের সবসময়ই রয়েছে। সেক্ষেত্রে নতুন বছরের শুরু হলে কথাই নেই! আর সেজন্যই হয়তো বছরের শুরুতে সবাইকে চমকে দিলেন বলিউড তারকা দীপিকা পাডুকোন। তবে এবার ভিন্নভাবে ভক্তদের চমকে দিলেন এই অভিনেত্রী। নিজের ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটার থেকে সকল পোস্ট মুছে ফেলেছেন তিনি। তবে কেন সকল পোস্ট মুছে ফেলেছেন এর কোনো ব্যাখ্যা দেননি এই অভিনেত্রী। দীপিকার এমন কাণ্ডে হতবাক হয়েছেন তার অনুসারিরা। এরইমধ্যে অনেকে এ নিয়ে মন্তব্য শুরু করে দিয়েছেন। একজন লিখেছেন, ‘কী হয়েছে? কেন?’, আরেকজন লিখেছেন, ‘দীপিকা তার ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটার থেকে সকল পোস্ট মুছে ফেলেছেন। এটা হয়তো তার প্রচারণার অংশ, অদ্ভুত।’ এছাড়া অনেকে তাকে সোশ্যাল মিডিয়ায় আবার ফিরে আসার জন্য অনুরোধ করেছেন। তবে দীপিকা সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন আর না-ই থাকেন তার ইনস্টাগ্রামে ৫২.৫ এবং টুইটারে রয়েছে ২৭.৭ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। এর আগে তাকে নিজের অভিনীত সিনেমার মুক্তির দিন প্রোফাইল পিক পরিবর্তন করতে দেখা যেত। তবে এবারই প্রথম সকল পোস্ট মুছে দিলেন তিনি!