লকডাউনে বিদেশ ভ্রমণ, কানাডীয় মন্ত্রীর পদত্যাগ

লকডাউনের মধ্যে বিদেশ ভ্রমণের ছবি প্রকাশ হওয়ার পর পদত্যাগ করেছেন কানাডার অন্টারিও প্রদেশের অর্থমন্ত্রী রড ফিলিপস। এভাবে ঘুরতে যাওয়াকে ‘বোকার মতো ভুল’ স্বীকার করে ক্ষমাও চেয়েছেন তিনি। বৃহস্পতিবার ফিলিপসের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রাদেশিক প্রধান ডগ ফোর্ড।

অন্টারিওতে সম্প্র্রতি করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লকডাউন জারি করেছে কর্তৃপক্ষ। নিষিদ্ধ করা হয়েছে সবধরনের অনাবশ্যক ভ্রমণ। এর মধ্যেই গত ১৩ ডিসেম্বর ব্যক্তিগত ভ্রমণে ক্যারিবীয় দ্বীপ সেন্ট বার্টসে যান রড ফিলিপস। ফিরেছেন স্থানীয় সময় গত ৩১ ডিসেম্বর সকালে। দেশে ফিরেই টরোন্টো পিয়ারসন বিমানবন্দরে ফিলিপস সাংবাদিকদের বলেন, ‘অবশ্যই আমি বড় ভুল করেছি এবং তার জন্য জবাবদিহি করব। আমি এমন সময় ভ্রমণে গিয়েছি যখন সেটা উচিত ছিল না। এ নিয়ে আমি কোনো অজুহাত দেখাব না।’