ঘরোয়া হকি টুর্নামেন্ট শেষ করে হকি ফেডারেশন এবার জাতীয় দলের প্রস্তুতির দিকে নজর দিয়েছে। আগামী ৭ থেকে ১০ জানুয়ারির মধ্যে জাতীয় হকি দলের প্রাথমিক ক্যাম্প শুরু হবে বলে জানিয়েছেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। তিনি জানিয়েছেন ২৮ জন খেলোয়াড় প্রাথমিক তালিকায় নেওয়া হয়েছে। এই তালিকা কমিয়ে আনা হবে।
আগামী মার্চের ১১ থেকে ১৯ পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে বিদেশি দলগুলো আসবে।
সেই টুর্নামেন্টে লড়াই করার জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু করতে পরিকল্পনা ফেডারেশনের। ডাক পাওয়া খেলোয়াড়দের কোভিড-১৯ টেস্ট করানো হবে। এরই মধ্যে হকি ফেডারেশন সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছে। তারা সময় দিলেই টেস্ট শুরু হয়ে যাবে। যারা শনাক্ত হবে তাদের আইসোলেশনে নেওয়া হবে। কোচ মাহবুব হারুন অনেক দিন হয়ে গেল আবার জাতীয় দলের প্রশিক্ষণের দায়িত্ব পেয়েছেন। কোচরা বিজয় দিবস হকির খেলা দেখেছেন। যাদের পছন্দ হয়েছে দলে নিয়েছেন। তবে যারাই ডাক পাচ্ছেন তাদের কঠিন অনুশীলন করতে হবে। এই টুর্নামেন্টের জন্য এরই মধ্যে সরকার অনুমোদনও দিয়ে রেখেছে। হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জানিয়েছেন জানুয়ারিতে খেলোয়াড় দলবদল হবে। একটা পরিকল্পনা করা আছে। ইউসুফ বলেন, ‘বাইলজটা অনুমোদন হয়ে গেলেই সব কাজ শেষ। তারপরই আমরা দলের তারিখ ঘোষণা করব। আর লিগ এখনই শুরু করতে না পারলেও মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিরই লিগ হবে। তিনি বলেন, ‘আমরা চাইছি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে। হাতে সময় কম। মার্চে খেলা হবে মনে করলেও হাতে সময় আছে মাত্র দুই মাস।’