পাঁচবিবিতে শুক্রবার ভোরে বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানঘরে ঢুকে যায়। এতে ব্যাপক ক্ষতি হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় থেকে বালুবোঝাই একটি ট্রাক রাজশাহী যাওয়ার সময় পাঁচবিবি পৌর শহরের পাঁচমাথায় আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় মিজানুর রহমান, সবুজ হোসেন ও আবু সুফিয়ানের চাল, ভুসি মালের দোকান এবং আলামিনের মোটরসাইকেলের পার্সের দোকানের শাটার ও ওয়াল ভেঙে ভেতরে ঢুকে যায়। এতে দোকানের ভেতর থাকা মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে দোকানের ভেতর লোক না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। উভয় পক্ষকে ডেকে সমঝোতার মাধ্যমে ক্ষতিগ্রস্তদের ক্ষতি পূরণের ব্যবস্থা করা হবে।