গোপালগঞ্জে দুই অবৈধ ইটভাটা উচ্ছেদ

গোপালগঞ্জে দুটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর সহকারী কমিশনার (ভূমি) মো. মনোয়ার হোসেন অভিযান পরিচালনা করে গোপালগঞ্জ সদর উপজেলার পুকুরিয়া গ্রামের হাসেম ব্রিক্স ও মেঘনা ব্রিক্স উচ্ছেদ করেন। এ সময় হাসেম ব্রিক্সকে ২ লাখ টাকা জরিমানা করে ভাটার চিমুনী ও কিলন ভেঙে দেওয়া হয়। এছাড়া মেঘনা ব্রিকেসর মালিক পলাতক থাকায় ভাটার কিলন ও চিমুনী ভেঙে মালামাল সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। অভিযানের সময় গোপালগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) মো. মনোয়ার হোসেন বলেন, লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন অবৈধ সব ইটভাটা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।