আড়াইহাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি রেস্টুরেন্টের তিন কর্মচারী দগ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটেছে স্থানীয় দুবাই প্লাজার পঞ্চম তলায় অবস্থিত রয়েল রেস্টুুরেন্টে। দগ্ধ কর্মচারীদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।
আড়াইহাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. শাহজাহান জানান, কর্মচারীরা অসাবধানতাবশত তিতাস গ্যাসের সুইচ খোলা রেখেই জুমার নামাজে চলে যায়। এর মধ্যে সারা কক্ষে গ্যাস ছড়িয়ে থাকে। তারা নামাজ শেষে এসে চুলায় আগুন দেওয়া মাত্রই সারা কক্ষে আগুন ধরে যায় এবং সেই সঙ্গে কক্ষে রাখা আরো একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় কক্ষটির দরজা-জানালা ও আসবাবপত্র পুড়ে যায়। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিত্সক মো. শরিফ হোসেন জানান, বিকাল সোয়া ৩টায় দগ্ধ রাসেল, ফরিদ এবং সামসুল হককে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে এদের ঢাকায় পাঠানো হয়। এদের মধ্যে ফরিদের অবস্থা আশঙ্কাজনক।