নতুন বছরে ইতিবাচক ধারায় ফিরবে রাজনীতি ----------ওবায়দুল কাদের

নতুন বছরে রাজনীতিতে ইতিবাচক ধারা ফিরে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগোবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন।

দেশবাসীকে খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নব বার্তার সম্ভাবনার রং ছড়িয়ে আজ (শুক্রবার) উদিত হলো নতুন বছরের নতুন সূর্য। সবার জীবন ও জীবনবোধ উদ্ভাসিত হোক, ডানা মেলুক আশার প্রজাপতি।’ তিনি বলেন, ‘দেশের রাজনীতিতে নেতিবাচক ধারার পরিবর্তে ইতিবাচক ধারা ফিরে এসে নতুন বছরের নতুন আশার মালা গেঁথে এগিয়ে যাবে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নময় অভিযাত্রায়—এটাই হোক আজকের প্রত্যাশা।’ তিনি বলেন, ‘বাংলাদেশ নতুন বছরে করোনাজনিত নানান খাতে সংকট কাটিয়ে এক উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে সম্ভাবনার নবদিগন্তে।’