দলের প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ওড়ানো, আলোচনাসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিকালে জাপা চেয়ারম্যান জি এম কাদের রাজধানীর বনানীতে তার কার্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনাসভায় সভাপতির বক্তব্যে বলেছেন, বিএনপি এখন সুষ্ঠু নির্বাচনের জন্য ডাক-চিত্কার করছে। কিন্তু বিএনপি কি কখনো সুষ্ঠু নির্বাচন দিয়েছে? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিএনপির মহাসচিব প্রায়ই বিভিন্ন ইস্যুতে বাহাস করছেন। কিন্তু এ দুটি দলই গণতন্ত্রের হাতে হাতকড়া পরিয়ে গণতন্ত্রের স্বাভাবিক স্বাদ নষ্ট করেছে।
জি এম কাদের বলেন, এরশাদের ক্ষমতা হস্তান্তরের পরে আওয়ামী লীগ ও বিএনপি রাষ্ট্রপতিশাসিত সরকার পদ্ধতি থেকে সংসদীয় পদ্ধতি চালু করেছে। সংবিধান সংশোধন করে তারা ৭০ অনুচ্ছেদ যোগ করেছে। এতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যে দল সরকার গঠন করে সেই দলের প্রধানই হন সংসদীয় দলের প্রধান এবং সরকারপ্রধান। আর ৭০ অনুচ্ছেদের কারণে কোনো সংসদ সদস্য দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারেন না। এতে ক্ষমতা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং সরকারের জবাবদিহিতা থাকে না। নিয়ন্ত্রণহীন ক্ষমতায় দুর্নীতি বেড়ে যায়। যে কারণে আওয়ামী লীগ ও বিএনপি সরকারের আমলে পাঁচ বার বিশ্বের মধ্যে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল।
আলোচনাসভায় জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, গেল ১০-১২ বছরে যে উন্নয়ন হয়েছে সেটির কৃতিত্ব ধরে রাখা যাবে না যদি প্রকৃত গণতন্ত্র না থাকে। জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ২০২০ সাল শুধু করোনাকাল নয়; বাংলাদেশে ২০২০ সাল নারী ধর্ষণ ও শিশু নির্যাতনের বছর। উন্নয়ন ও সুশাসনের জন্য দেশের মানুষ উন্মুখ হয়ে আছে, তারা পরিবর্তন চায়। পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, জাপা এখন অতীতে যে কোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, এরশাদের উন্নয়ন ও সুশাসনের কথা গণমানুষের সামনে তুলে ধরার সময় এসেছে। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মসিউর রহমান রাঙ্গা, এস এম ফয়সল চিশতী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, সালমা হোসেন, গোলাম মোহাম্মদ রাজু, ফখরুল আহসান শাহজাদা, মেহেরুন্নেসা খান হেনা পন্নি, বেলাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইসহাক ভুঁইয়া প্রমুখ। আলোচনাসভা শেষে একই মিলনায়তনে জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরিফা কাদের।
এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা
জাপা চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু সকালে কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে দলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ঘোষণা করেন তারা। এরপর জাপার চেয়ারম্যান শীর্ষ নেতাদের নিয়ে সেখানে এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জাপার অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে এরশাদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সপ্তাহব্যাপী জাপার বনানী ও কাকরাইল কার্যালয় আলোকসজ্জা করা হয়।
শ্যামপুরে বাবলার উদ্যোগে নানা আয়োজন
দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকালে শ্যামপুর বালুর মাঠে নিজ নির্বাচনি এলাকা শ্যামপুর-কদমতলী থানা জাপার নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি। এছাড়া আয়োজিত আলোচনাসভায় বাবলা ছাড়াও বক্তব্য রাখেন জাপার ভাইস চেয়ারম্যান সালমা হোসেন, জাপা নেতা সুজন দে, শেখ মাসুক রহমান প্রমুখ।
এরশাদের কবরে বিদিশা-এরিকের শ্রদ্ধা
জাপার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রংপুরে এরশাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এরশাদের সাবেক স্ত্রী বিদিশা ও পুত্র এরিক। এ সময় ‘হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট’ এর চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ, সাবেক এমপি জাফর ইকবাল সিদ্দিকী, ট্রাস্টের সদস্য শামসুজ্জামান মুকুল ও রুবায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।