ফতুল্লায় সেলিম ওসমানের গার্মেন্টসে আগুন

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমানের মালিকানাধীন রপ্তানিমুখী পোশাক শিল্পপ্রতিষ্ঠান উইজডম অ্যাটায়ার্স লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুর এলাকায় অবস্থিত কারখানাটির ডাইং শাখায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বিপুল পরিমাণ কাপড় পুড়ে গেছে।

সংবাদ পেয়ে মণ্ডলপাড়া ও ফতুল্লার বিসিক ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কারখানা বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল-আরেফিন জানান, অগ্নিকাণ্ডে আনুমানিক ৫০  লাখ টাকার ক্ষতি হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ প্রাথমিকভাবে দাবি করছেন। তদন্তের পর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।