রাজধানীর ভাষানটেকের মাটিকাটা এলাকার এক বাসায় শাহ আলম নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার পুলিশ ঐ বাসা থেকে শাহ আলমের অর্ধগলিত লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, অন্তত দুই দিন আগে তাকে হত্যা করা হয়। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে এবং কে বা কারা হত্যা করেছে সে ব্যাপারে কিছুই জানা যায়নি।
ভাষানটেক থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, সেনাবাহিনীর মেসের সিভিল কর্মচারী ছিলেন শাহ আলম। মাটিকাটার ভাড়া বাসায় তিনি একা থাকতেন। দুই দিন ধরে তার ঘর বাইরে থেকে তালাবদ্ধ ছিল। গতকাল ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে লোকজন জানালা দিয়ে দেখতে পায় ভেতরে লাশ পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তিনি আরো জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তবে তদন্ত সূত্র জানায়, হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত না হওয়া গেলেও সন্দেহভাজন কয়েক জনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।