পাথরঘাটায় স্বতন্ত্র মেয়র প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ

আসন্ন পৌরসভা নির্বাচনে বরগুনার পাথরঘাটায় স্বতন্ত্র মেয়র প্রার্থী মাহবুবুর রহমান খানের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে দশটার দিকে পৌরসভার ৯ নং ওয়ার্ডের তার বাড়িতে হামলা চালানো হয়। এ সময় তার পাঁচ নেতা-কর্মীকে মারধর করে তাকে গৃহবন্দি করে রাখে বলে তিনি অভিযোগ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে উদ্ধার করে।

মাহবুবুর রহমান খান অভিযোগ করেন, তিনি পাথরঘাটা পৌরসভার ১ নং ওয়ার্ডের ৩ বারের নির্বাচিত কাউন্সিলর। জনগণের দাবির মুখে এ বছর মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। রাত সাড়ে দশটার দিকে তার বাসায় বসে নেতা-কর্মীদের সাথে নির্বাচনের বিষয় তিনি কথা বলছিলেন। এমন সময় ১০-১৫ টি মোটরসাইকেল মহড়া দিয়ে এসে একদল দুর্বৃত্ত তার বাসায় হামলা চালায় এবং দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে নেতা-কর্মীদের মারধর করেছে। পরে পাথরঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 

আহতরা হলেন- খোকন, আনোয়ার , জামাল, ইজমাইল এবং হারুন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি জানান, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করবেন। তিনি নির্বাচনে তার নিরাপত্তার দাবি জানান।

এ ব্যাপারে পাথরঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঈদ আহমেদ জানান, এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এএএম