রাজশাহীতে মদপানে তিনজনের মৃত্যু

রাজশাহীতে মদপানে তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে ও শনিবার ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ৭ নং ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। এছাড়া আরো দুইজন সঙ্কটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন-মহানগরীর হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফাইসাল (২৮), জেলার বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫) এবং মহানগরীর বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫)।

এছাড়া চিকিৎসাধীনরা হলেন-মহানগরীর হেতমখাঁ এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে তুহিন (২৬) এবং একই এলাকার হাবিবের ছেলে কলপ (২২)। এই দুইজন রামেক হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে আছেন।

ওসি মাজহারুল ইসলাম বলেন, শুক্রবার রাত ৯ টা থেকে ১০টার সময় মহানগরীর হোসনীগঞ্জ এলাকায় এরা মদপান করেন। এদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

মৃতদের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

ইত্তেফাক/এএএম