বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কলকাতা বাংলার জনপ্রিয় তারকা ওম সাহানি ও মিমি দত্ত। ২০২১ সালের প্রথম দিনেই নিজেদের বিয়ের খবর জানিয়ে অনুরাগীদের চমকে দিলেন এই তারকা জুটি। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে রেজিস্ট্রি বিয়ে সারলেন ওম-মিমি। এই তারকাজুটির বিয়ের ছবি সামনে আসতেই তাদের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিলেন অনুরাগীরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি শেয়ার করে ওম লিখেছেন, ‘এটা একেবারেই রূপকথার বাইরে! নতুন বছরের শুরুটা কেমন ছিল!’
তিনি আরও লিখেছেন ‘২০২০ সালে হাজারো মানসিক চাপ, উত্তেজনার মধ্যে কিছু পজিটিভ খবর রয়েছে। আর এটাই প্রমাণ করে যে ভালোবাসা বাতিল হয়ে যায়নি। ২০২১ এ আরও অ্যাডভেঞ্চারের অপেক্ষায় উল্লাস। মিস্টার ও মিসেস সাহানি।’
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ওম সাহানি ও মিমি দত্তের পরিচয়টা হয়েছিল ২০১১ সালে। ‘আলোর বাসা’ নামে একটি ধারাবাহিকে কাজ করতে গিয়ে তাদের পরিচয় হয়। তখন থেকেই তাদের একে অপরের প্রতি ভালোলাগা ছিল। পরে অবশ্য বহুদিন তাদের যোগাযোগ ছিল না। এর ৬ বছর পর ২০১৭ সালে আবারো তাদের দেখা হয়। তারপরই ওম-মিমির পুরনো সেই ভালোলাগা ভালোবাসায় বদলে যায়।
সম্প্রতি আয়ুষী তেন্ডুলরের সঙ্গে একটি ছবির কাজ শেষ করে ফেলেছেন অভিনেতা ওম সাহানি। অন্যদিকে মিমি টেলিভিশনের বেশ পরিচিত মুখ। ‘গোপাল ভাঁড়’, ‘জয়ী’, ‘ভূতু’সহ একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে মিমি দত্তকে। ‘প্রিয় তোমার অন্দরমহল’ ও ‘দিদি নম্বর ১’ একসঙ্গে হাজির হয়েছিলেন এই তারকা দম্পতি।
উল্লেখ্য, এর আগে বাংলাদেশি ছবিতেও কাজ করেছেন ওম। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘অগ্নি-২’ ছবিতে কাজ করার মাধ্যমে বাংলাদেশের ছবিতে অভিষেক ঘটে। তিনি সর্বশেষ সৈকত নাসির পরিচালিত ‘পাষাণ’ ছবিতে অভিনয় করেন।
ইত্তেফাক/বিএএফ