বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজের আরটি-পিসিআর মেশিনের ফিল্টার দূষিত হওয়ায় শুক্রবার রাত ৯টা থেকে করোনার নমুনা পরীক্ষা আবারো বন্ধ হয়ে গেছে। বন্ধ থাকা আরটি-পিসিআর ল্যাব চালু করতে ২ থেকে ৭ দিন সময় লাগতে পারে বলে আভাস দিয়েছে কর্তৃপক্ষ।
এ কারণে সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে ঢাকায়। আর জরুরি ভিত্তিতে বিদেশগামীদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে ভোলার পিসিআর ল্যাবে।
সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয়ভাবে মেশিন দূষণমুক্ত করার চেষ্টা চলছে। এতেও মেশিন দূষণমুক্ত না হলে মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় পিসিআর মেশিন দূষণমুক্ত করা হবে।
আরো পড়ুন : দেশে করোনা পরিস্থিতির উন্নতি
মেডিক্যাল কলেজের ভাইরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও পিসিআর ল্যাব প্রধান ডা. একেএম আকবর কবীর জানান, শুক্রবার পিসিআর ল্যাব দূষণমুক্ত করার পরও মেশিনের ফিল্টারে সমস্যা থেকে যায়। এ কারণে ঐদিন রাত ৯টায় ল্যাবের প্রধান মেডিক্যাল কলেজের অধ্যক্ষের কাছে পাঠানো এক চিঠিতে সাময়িকভাবে পিসিআর ল্যাবের কার্যক্রম বন্ধ রাখার কথা বলা হয়।
গত বছর ৯ এপ্রিল বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজে করোনা পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাব চালু হয়। এ পর্যন্ত এই ল্যাবে ৫২ হাজার নমুনা পরীক্ষা করা হয় বলে জানিয়েছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। এর আগেও একবার মেশিনে জটিলতা দেখা দিলে এক সপ্তাহ করোনার নমুনা পরীক্ষা বন্ধ রাখা হয়।
ইত্তেফাক/ইউবি