মো. কামরুল হাসান, সহকারী শিক্ষক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল জাহানাবাদ সেনানিবাস, খুলনা।
বাংলা ভাষায় অর্থ-বিপর্যয় এড়াতে ও অর্থ-পার্থক্য মনে রাখতে কিছু শব্দের বানানে চন্দ্রবিন্দুর ব্যবহার
বাংলা ভাষায় অর্থ-বিপর্যয় এড়াতে ও অর্থ-পার্থক্য মনে রাখতে কিছু শব্দের বানানে চন্দ্রবিন্দুর ব্যবহার লক্ষ করা যায়। আধুনিক বাংলা অভিধানে ২৪টি বর্ণে ১৩৫ জোড়া একই রকম শব্দ (চন্দ্রবিন্দু-সহ ও চন্দ্রবিন্দুহীন) পাওয়া গেছে।
ক (গত পর্বের অবশিষ্টাংশ)
কাঁটা—[স. কণ্টক>] বি. কণ্টক, শলাকা, পেরেক, দাঁড়িপাল্লা।
কাটা—[বা.] ক্রিবি. কর্তন বা ছেদন করা, বাতিল করা। বিণ. কর্তিত, খণ্ডিত, মণ্ডিত।
কাঁঠি—[স. কণ্ঠিকা>] বি. মাছ ধরার জালের নিচের অংশে সংযুক্ত লোহার টুকরো, গলার মালার গুটিকা, শুকপাখির গলদেশের রেখা, ছোটো পেরেক, সাপের গলার দাগ।
কাঠি—[স. কাষ্ঠিকা>] বি. কাঠ, বাঁশ, ধাতু প্রভৃতির তৈরি লম্বা, ও সরু শলাকা। বিণ. কাঠির মতো কৃশ।
কাঁড়া—[স. কণ্ডিত>] ক্রিবি. ছেঁটে পরিষ্কার করা। বিণ. পরিষ্কৃত, ছাঁটা হয়েছে এমন।
কাড়া—[স. কর্ষণ>] ক্রিবি. জোর করে আদায় করা, আকর্ষণ করা, উচ্চারণ করা। বিণ. কেড়ে নেওয়া হয়েছে এমন।
কাড়া—[স. কটাহ>] বি. একদিক চামড়ায় আবৃত ঢাকজাতীয় বড়ো বাদ্যযন্ত্রবিশেষ।
কাঁড়ানো—[বা.] ক্রিবি. ছাঁটানো, পরিষ্কার করানো।
বিণ. পরিষ্কৃত, ছাঁটা হয়েছে তা।
কাড়ানো—[বা.] ক্রিবি. আগাছা উত্পাটনের উদ্দেশ্যে খেত চষা; অন্যকে দিয়ে ছিনিয়ে নেওয়ানো, আদায় করানো। বিণ. অন্যকে দিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে এমন।
কাঁদা—[স. ক্রন্দন>] ক্রিবি. রোদন করা।
কাদা—[স. কর্দম>] বি. জলসিক্ত পঙ্কিল মাটি, কর্দম। বিণ. কর্দমাক্ত।
কাঁপ—[স. কম্প>] বি. কম্পন, শিহরন।
কাপ—[ই.] বি. হাতলযুক্ত বাটি, ট্রফি।
কাপ—[স. কাপট্য>] বি. ব্রাহ্মণের শ্রেণিবিশেষ, কপটতা, ছলনা। বিণ. কৌতুককারী, ছদ্মবেশী।
কুঁচ—[স. কুঞ্জিকা>] বি. গুঞ্জাফল, বিণ. লাল।
কুচ—[স. কুচ্ + অ] বি. স্তন, পয়োধর।
কুচ—[ধন্যা.] অব্য. বি. ধারালো অস্ত্রের সাহায্যে নরম জিনিস কাটার অনুকার শব্দ।
কুচ—[ফা.] বি. সৈন্যদের যুদ্ধযাত্রা বা দলবদ্ধভাবে একস্থান থেকে অন্যস্থানে গমন।
কুঁচা—[স. কুচিত>] বিণ. অতি ক্ষুদ্র, খুব ছোটো।
কুঁচা—[স. কুঞ্চিত>] ক্রিবি. কুঞ্চিত করা।
কুচা—[ফা.] বিণ. খুব ছোটো করে কাটা হয়েছে এমন।
কুঁচানো—[বা.] ক্রিবি. কুঞ্চিত করা। বিণ. কুঞ্চিত।
কুচানো—[বা.] ক্রিবি. কুচিকুচি করে কাটা। বিণ. কুচি করে কাটা হয়েছে এমন।
কুঁচি—[স. কূর্চ্চিকা>] বি. পরিধেয় বস্ত্র বা পর্দার পাট করা অংশ।
কুঁচি—[স. কুর্চিকা>] বি. পশুর মোটা লোম, শলাকাগুচ্ছ, বুরুশ, ছোটো টুকরো।
কুচি—[ফা. কুচা>] বিণ. খুব ছোটো করে কাটা হয়েছে এমন।
বি. ছোটো টুকরো।
কুঁজ—[স. কুব্জ>] বি. মেরুদণ্ডের দৃঢ়তা হ্রাস পাওয়ার ফলে পিঠের বক্রতা ও স্ফীতি।
কুজ—[স. কু + জন্ + অ] বি. মঙ্গলগ্রহ, পুরাণোক্ত অসুরবিশেষ।
কুঁজা—[স. কুব্জ>] বিণ. পিঠ বাঁকা বা ফোলা এমন। বি. কুঁজবিশিষ্ট ব্যক্তি।
কুজা—[ফা.] বি. মাটির তৈরি সরুগলা জলপাত্র, সোরাই।
কুঁড়—[স. কুণ্ড>] বি. গর্ত, জলাশয়, কুণ্ড; স্তুপ, গাদা।
কুড়—[স. কুট>] বি. স্তুপ, গাদা; আবর্জনা ফেলার স্থান।
কুড়—[স. কুষ্ঠ>] বি. কুষ্ঠরোগ।
কুঁড়া—[স. কণা>] বি. ধানের খোসার নিচের পাতলা আবরণ।
কুঁড়া—[স. খনন>] ক্রিবি. খনন করা, খোঁড়া। বিণ. খননকৃত।
কুড়া—[দেশি.] ক্রিবি. ঝাঁট দেওয়া, জড়ো করা, পরিত্যক্ত জিনিস তুলে নেওয়া।
কুড়া—[স. কুড়ব>] ভূমির পরিমাপবিশেষ; ২০ কাঠা বা ১ বিঘা পরিমাণ।
কুড়া—[স. কুটির>] কুঁড়েঘর।
কুঁড়ি—[দেশি.] বি. কোরক, মুকুল, কলিকা।
কুঁড়ি—[স. কুণ্ডিকা>] বি. মাটি, পাথর বা কাঠের গামলাজাতীয় পাত্র।
কুড়ি—[বা.] বি. ২০ সংখ্যা। বিণ. ২০ সংখ্যক।
কুড়ি—[স. কুষ্ঠী>] বি. কুষ্ঠরোগ।
কোঁক—[স. কুক্ষি>] বি. উদর, পেট, গর্ভ; উদরের পার্শ্বদেশ, কুক্ষি।
কোক—[স. কুক্ + অ] বি. চখা, চক্রবাক, বুনো খেজুর গাছ, নেকড়ে বাঘ, বুনো কুকুর, ভেক, বিষ্ণু।
কোক—[ই.] জ্বালানি বিশেষ, coke।
কোঁচ—[দেশি.] বি. মাছ শিকারের জন্য ব্যবহূত লোহার শলাকাযুক্ত বর্শা।
কোঁচ—[স. কুঞ্চিত] বি. কুঞ্চনের ভাব।
কোঁচ—[স. ক্রৌঞ্চ] বি. মত্স্যাশী বকের প্রজাতিবিশেষ, ক্রৌঞ্চ।
কোচ—[স. কুচ্ + অ] বি. ধীবর জাতিবিশেষ।
কোঁদন—[স. কুর্দন>] বি. কুর্দন।
কোদন—[বা.] বি. আস্ফাালন, কুর্দন, লম্ফন।
সহায়ক গ্রন্থ :
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
বন্ধুরা, আরও জানতে চোখ রাখো ফেসবুকের ‘বাংলা বানানের নিয়মকানুন’ গ্রুপে এবং ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকার অনুশীলন পাতায়।