আরেক আফগান সাংবাদিককে গুলি করে হত্যা

রয়টার্স

আফগানিস্তানের ঘোর প্রদেশে বিসমিল্লাহ আদেল আইমাক নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। এ নিয়ে গত দুই মাসে দেশটির পাঁচ জন গণমাধ্যমকর্মী হত্যাকাণ্ডের শিকার হলেন।

শনিবার ২৮ বছরের বিসমিল্লাহর নিহতের খবর নিশ্চিত করেন আফগান কর্মকর্তারা। তারা বলেন, বিসমিল্লাহ সাদা-ই-ঘোর রেডিওর প্রধান সম্পাদক ছিলেন। শুক্রবার সন্ধ্যায় ঘোর প্রদেশের রাজধানী ফিরোজ কোহ নগরীতে অজ্ঞাত বন্দুকধারীরা বিসমিল্লাহর গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে তাকে হত্যা করে।

এখন পর্যন্ত কেউ এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, তার সরকার বাক্স্বাধীনতার সমর্থন করে এবং এর প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ। টুইটে তিনি লেখেন, ‘তালেবান বা অন্যান্য জঙ্গি দল এ ধরনের হামলা চালিয়ে সাংবাদিক ও সংবাদমাধ্যমের কণ্ঠ রুদ্ধ করতে পারবে না।’

এদিন অজ্ঞাত হামলাকারীরা দেশটির এক জন সমাজকর্মীকেও হত্যা করেন। সরকারের সঙ্গে তালেবানের শান্তি আলোচনার মধ্যেই আফগানিস্তানে গত কয়েক মাস ধরে সাংবাদিক, সরকারি কর্মকর্তা এবং অধিকারকর্মীদের বেছে বেছে হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। তালেবান অবশ্য ডিসেম্বরে দেওয়া এক বিবৃতিতে বলেছে, তারা সংবাদমাধ্যমকর্মীদের হত্যার ঘটনায় জড়িত নয়।