যুক্তরাষ্ট্রে করোনা শনাক্তের সংখ্যা ২ কোটি ছাড়াল

রয়টার্স

যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি থামানোই যাচ্ছে না। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গেছে। এদিকে টিকাদান কার্যক্রম নির্ধারিত লক্ষ্যের চেয়ে অনেকটা পিছিয়ে থাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের তীব্র সমালোচনা হচ্ছে।

যুক্তরাষ্ট্র সরকার ২০২০ সালের মধ্যে দেশটির ২ কোটি মানুষকে টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যমাত্রা ঠিক করেছিল। কিন্তু বাস্তবতা তার থেকে অনেক বেশি ভিন্ন। শুক্রবার নতুন বছরের প্রথম দিন পর্যন্ত দেশটির মাত্রা ২৮ লাখ মানুষকে কোভিড-১৯-এর টিকার দুই ডোজের প্রথমটি দেওয়া সম্ভব হয়েছে।

মহামারির বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখসারির যোদ্ধা স্বাস্থ্যসেবা কর্মী এবং নার্সিংহোমের বাসিন্দা এবং কর্মীদের শুরুতে কোভিড-১৯-এর টিকা দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩ লাখ মানুষ কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা গেছেন। অর্থাত্ প্রতি ৯৫০ জন আমেরিকানের মধ্যে এক জন এ রোগে প্রাণ হারিয়েছেন। দেশটিতে শুক্রবার পর্যন্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, যা এক দিনে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যার নতুন রেকর্ড। যুক্তরাষ্ট্রের মধ্যে এখন ক্যালিফোর্নিয়ায় দৈনিক সংক্রমণ এবং মৃত্যু সব থেকে বেশি হচ্ছে।