স্পোর্টস রিপোর্টার
কৈশোরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ঘটনা ক্রিকেট বিশ্বে নতুন নয়। সম্প্রতি ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেন তৈরি করেছে কৈশোরে টেস্ট অভিষেক হওয়া ক্রিকেটারদের সেরা একাদশ। ‘উইজডেন টিনএজ রায়াট ইলেভেন’ নামক একাদশে ঠাঁই হয়েছে বাংলাদেশের মুশফিকুর রহিমের। ৩৩ বছর বয়সি এই উইকেটকিপার-ব্যাটসম্যানের টেস্ট অভিষেক হয়েছিল লর্ডসে, ২০০৫ সালে। তখন মুশফিকের বয়স ছিল ১৬ বছর ১৭ দিন।
উইজডেনের এই একাদশের অধিনায়ক পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। আছেন ক্যারিবিয়ান কিংবদন্তি গ্যারি সোবার্স, ভারতের লিটল মাস্টার শচীন টেন্ডুলকার, ওয়াসিম আকরাম, অনিল কুম্বলেরা।
উইজডেনের দেওয়া এই সম্মান ও একাদশের ছবি গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন মুশফিক। সোবার্স-ইমরানদের মতো কিংবদন্তিদের সঙ্গে নিজের নাম দেখে আনন্দিত ও গর্বিত বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের জন্য গত কয়েক দিন ধরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন করছেন মুশফিক। প্রতিদিনই ইনডোরে বোলিং মেশিনে ব্যাটিং করছেন তিনি। গতকালও ১ ঘণ্টার বেশি সময় ইনডোরে ব্যাটিং করেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।