লিভারপুলকে ছুয়ে ম্যানইউর বর্ষবরণ

স্পোর্টস ডেস্ক

জিতলেই ছোঁয়া হবে টেবিলের শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলকে। এমন সমীকরণ নিয়েই নতুন বছরের প্রথম দিন মাঠে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা বলেই কপালে চিন্তার কিছুটা ভাঁজ ছিল। কেননা চলতি মৌসুমে বড় দলগুলো ধরাশায়ী করে রীতিমতো চমকে দিচ্ছে ভিলা। কিন্তু ম্যানইউকে সেই কাতারে ফেলতে পারল না ক্লাবটি। ঘরের মাঠে তাদের ২-১ গোলে হারিয়ে শীর্ষে ওঠার স্বপ্ন দেখছে রেড ডেভিলসরা।

ওল্ড ট্রাফোর্ডের ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। অতিথি দল হয়েও ম্যানইউকে বেশ ভুগিয়েছে ভিলা। কিন্তু গোলের ডেডলক ভাঙে স্বাগতিকদের মাধ্যমেই। ৪০ মিনিটে ডান প্রান্ত থেকে অ্যারন ওয়ান বিসাকার ক্রসে মাথা ছুঁইয়ে জালের দেখা পান অ্যান্থনি মার্সিয়াল।

১-০-তে পিছিয়ে বিরতিতে যাওয়া ভিলা দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ওঠে সমতায় ফিরতে। তাই কাঙ্ক্ষিত ফল পেতেও দেরি হয়নি। ৫৮ মিনিটে জ্যাক গ্রিলিশের নিচু ক্রস থেকে ব্যবধান ১-১ করেন বেরট্রান্ড ট্রাউরে। তবে তিন মিনিট পর ফের পিছিয়ে যায় তার দল।

ডি বক্সের মধ্যে ম্যানইউ মিডফিল্ডার পল পগবাকে ডগলাস লুইজ ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে দলকে জয়সূচক গোল এনে দিতে কোনো ভুল করেননি পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। বাকি সময়টা চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি ভিলা।

এই জয়ের পর লিভারপুলের সমান ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তাদের ছুয়ে ফেলেছে ম্যানইউ।  কিন্তু গোলব্যবধানে পিছিয়ে থাকায় আপাতত সেই দুইয়েই থাকতে হচ্ছে ওলে গানার সুলশার শিষ্যদের। দিনের আরেক ম্যাচে ঘরের মাঠে ওয়েস্ট হামের কাছে ১-০ গোলে হেরে হোচট খেয়েছে চারে থাকা এভারটন (২৯)। 

এছাড়া গতকাল নিজেদের মাঠে লিডস ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়েছে টটেনহাম হটস্পার্স।