হুমকির মুখে ময়নামতি প্রাসাদ

কুমিল্লার লালমাই-ময়নামতি পাহাড়ের সর্ব উত্তরের ঐতিহাসিক রানী ময়নামতি প্রাসাদ ও ময়নামতি কালী মন্দিরের পশ্চিম অংশের পাহাড় কাটায় পাহাড়টির ওপরে থাকা প্রাসাদের সীমানা প্রাচীরসহ মন্দিরটি হুমকির মুখে পড়েছে। দীর্ঘদিন ধরে অল্প অল্প করে পাহাড়ের অংশ কেটে পাকা ভবন নির্মাণ করে ব্যবসাপ্রতিষ্ঠান চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সমেষপুর গ্রামের পশ্চিম পাশেই রানী ময়নামতি প্রাসাদের অবস্থান। এর পশ্চিমে রয়েছে হাজার বছরের পুরনো কালী মন্দির। মন্দিরের পশ্চিম পাশে পাহাড়ের অংশটুকু মাটিখেকোদের কোদালের আঘাতে ক্ষত-বিক্ষত। নিচে কুমিল্লা-সিলেট মহাসড়কের পূর্ব পাশে পাহাড়ের ঢাল জুড়ে সামান্য একটু খালি সমতল জায়গা। জানা যায়, পাহাড়ের পশ্চিম অংশে সড়কের পাশে সামান্য এক চিলতে ভূমি ছিল। বেড়া দিয়ে ধীরে ধীরে পাহাড়ের ঢালের বেশ কিছু মাটি কেটে নেওয়া হয়। বর্তমানে সেখানে পাকা ভবন নির্মাণসহ পাহাড়ের অংশ কেটে শোভা বর্ধনের কাজ চলছে! এ অবস্থায়, রানী ময়নামতি প্রাসাদের সীমানাসহ হাজার বছরের পুরনো মন্দিরটি রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

নাম প্রকাশে অনিচ্ছুক