চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়ক

বছর কয়েক আগে রাস্তার দখলদারিত্ব উচ্ছেদের পদক্ষেপ অবশ্যই প্রশংসনীয়। কিন্তু তা বহাল রাখাও প্রশাসনের দায়িত্ব। উচ্ছেদ অভিযানে রাস্তার পাশের অবৈধ দোকানপাটসহ ঘরবাড়ি সরানো হলেও তা এখনো অস্থায়ীভাবে ব্যবহার করা হচ্ছে। যত্রতত্র হাট-বাজার, যেখানে সেখানে গাড়ি থামানো নিত্যদিনের কর্ম। ফলে বাড়ছে দুর্ঘটনার সম্ভাবনা ও রাস্তায় অনাকাঙ্ক্ষিত যানজট। শহরের অন্যতম ব্যস্ততম রাস্তা চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়ক। কিন্তু দীর্ঘদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইট, ইসলামিয়াহাট, নন্দিরহাট, চৌধুরীহাট, লালিয়ারহাট, বালুচরা, আমানবাজার, অক্সিজেন ও মুরাদপুরসহ অন্যান্য স্থানে অবৈধ বাজার, গাড়ি পার্কিং, বাস, সিএনজি থামানো ইত্যাদি বেড়েই চলেছে—যা সড়ক দুর্ঘটনা ও যানজটের কারণ হিসেবে কাজ করছে। রাস্তার পাশে কোনো ফুটপাত নেই। নেই রাস্তা পারাপারের জন্য কোনো ওভারব্রিজও। অথচ জীবনের ঝুঁকি, সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনে নির্দিষ্ট স্টপেজ, ফুটপাত ও ওভারব্রিজ থাকা বাঞ্ছনীয়। আশু পদক্ষেপের জন্য এদিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

রণি রত্নাকর

শিক্ষার্থী, আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়