সাঁথিয়ায় পোস্টার সাঁটানো নিয়ে সংঘর্ষ

আহত ৭, আটক ৩

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা

সাঁথিয়া পৌরসভার নির্বাচনে পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে সাত জন আহত হয়েছে। এ ঘটনায় শুক্রবার রাতে মেহেদী হাসান বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি মামলা রুজু করেন। পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে আটক করে। আটককৃতরা হলেন— কালাম মল্লিক, শামীম হোসেন ও মিরাজুল ইসলাম। ধানের শিষের প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ জানান, তার কর্মী-সমর্থকরা পোস্টার সাঁটাতে গেলে প্রতিপক্ষ বাধা সৃষ্টি ও মারপিট করে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহবুবুল আলম বাচ্চু জানান, ধানের শিষের প্রার্থী তার পরাজয় নিশ্চিত ভেবে নৌকার সমর্থকদের ওপর হামলা চালিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চাচ্ছে। সাঁথিয়া থানার ওসি আসাদুজ্জামান জানান, সংঘর্ষের ঘটনায় তিন জনকে আটকের পর জেলহাজতে পাঠানো হয়েছে।