কমিটি গঠনের ছয় দিনের মাথায় স্থগিত

রায়পুর উপজেলা ছাত্রলীগ

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

রায়পুর উপজেলা ছাত্রলীগের আট সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদনের ছয় দিনে মাথায় তা স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শুক্রবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নবগঠিত রায়পুর উপজেলা ছাত্রলীগের সব কার্যক্রম স্থগিত রাখান নির্দেশ দেন। একই সঙ্গে কমিটির বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে দুই সদস্য বিশিষ্ট কমিটিও গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। আগামী সাত কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটিকে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহাদত হোসেন শরীফ বলেন, নবগঠিত কমিটির বিরুদ্ধে একটি পক্ষ কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে বিভিন্ন অভিযোগ দিয়েছে। এর ভিত্তিতে সাংগঠনিক কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর উপজেলা ছাত্রলীগের আট সদস্যবিশিষ্ট ঐ কমিটি ঘোষণা করা হয়।