অনলাইনে খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা বাংলাদেশের ৬৪ জেলায় এর সেবা বিস্তৃত করেছে। গত ডিসেম্বরে ফুডপ্যান্ডা বাংলাদেশ প্রবৃদ্ধি, সাফল্য এবং বিভিন্ন কর্মোদ্যোগে এর ৭ম বর্ষ উদযাপন করলো। গত ৭ বছরের যাত্রায় ৪০ লাখেরও বেশি গ্রাহক সাইন আপ করার পাশাপাশি ফুডপ্যান্ডায় রয়েছে ৩৫ হাজারের বেশি রেস্টুরেন্ট ও শপ পার্টনার, সেইসাথে আছে লাখো আইটেমের সম্ভার। এই পর্যন্ত ৫৫ হাজার মানুষকে ডেলিভারি পার্টনার হিসেবে ফুডপ্যান্ডা প্ল্যাটফর্মে যোগ দেওয়ার সুযোগ তৈরির মাধ্যমে তাদের উপার্জনক্ষম করে তোলার পাশাপাশি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে অবদান রেখেছে অনলাইনভিত্তিক এই সংস্থা। ফুডপ্যান্ডা বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আম্বারীন রেজা বলেন, মহামারিতে লকডাউন চলাকালে হোম ডেলিভারি সেবা চালু রেখে আমরা হাজারো রেস্টুরেন্টকে সহযোগিতা করার চেষ্টা করেছি। আমরা আমাদের রাইডার ও পার্টনারদের জন্য সব ধরনের সুরক্ষা ব্যবস্থা ও বীমা সেবা চালু করেছি, সেইসাথে আমাদের গ্রাহকরা যাতে নিরাপদে থেকে নিত্যপ্রয়োজনীয় সকল পণ্য হাতের কাছে পেয়ে যান সে লক্ষ্যে স্পর্শবিহিন ডেলিভারি সেবা চালু করেছি। —প্রেস বিজ্ঞপ্তি