আশুলিয়ার বাঁশঝাড়ে যুবকের লাশ

ইত্তেফাক রিপোর্ট

সাভারের আশুলিয়ায় একটি বাঁশ ঝাড় থেকে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে ইয়ারপুর ইউনিয়নের একটি বাঁশ ঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয়রা বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের দুই চোখ খোঁচানো অবস্থায় ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আশুলিয়া থানার এসআই সামিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শুক্রবার রাতের কোনো এক সময় ঐ যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখার পাশাপাশি তার পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।