সিরাজদিখানে পাকা রাস্তার অভাবে দুর্ভোগ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

সিরাজদিখানের বাসাইল উচ্চ বিদ্যালয় থেকে রাঙ্গামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দূরত্ব এক কিলোমিটার। এ দূরত্বের মধ্যেই আরও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি বাজার ও খেলার মাঠসহ এলাকাটি ঘনবসতিপূর্ণ। অথচ এই এক কিলোমিটার পাকা রাস্তার অভাবে এলাকাবাসী দারুন দুর্ভোগ পোহাচ্ছে। বর্তমানে এলাকার ছাত্র-ছাত্রীসহ হাজারো মানুষ যাতায়াতের জন্য এ কাঁচা ও খানাখন্দে ভরা সরু রাস্তা ব্যবহার করছে। রাস্তাটি সামান্য বৃষ্টিতে কাদা-পানিতে একাকার হয়ে যায়। বর্ষা মৌসুমের শুরুতে পানিতে তলিয়ে যায়। শুষ্ক মৌসুমে এলাকাবাসী প্রয়োজনের তাগিদে এ রাস্তায় অটোরিকশা ও বিভিন্ন যানবাহন ব্যবহার করে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। রাস্তাটি পাকা করার জন্য এলাকাবাসী দীর্ঘদিন যাবত স্থানীয় জনপ্রতিনিধির কাছে দাবি জানিয়ে আসলেও প্রতিকার মিলছে না।