মহাখালীতে আরিফ হত্যার প্রধান আসামি গ্রেফতার

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর মহাখালীতে ছুরিকাঘাতে কিশোর আরিফ হত্যাকাণ্ডের প্রধান আসামি জনিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে মহাখালী এলাকায় অভিযান চালিয়ে জনি ও এক কিশোরীকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। গ্রেফতারকৃত জনি বর্তমানে পুলিশ হেফাজতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। উল্লেখ্য, শুক্রবার রাতে মহাখালী কাঁচাবাজার এলাকায় মাদক সেবন নিয়ে বিরোধের জেরে আরিফ হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় নিহত আরিফের বাবা বাদী হয়ে বনানী থানায় মামলা দায়ের করেছেন। সে মামলায় জনিকে প্রধান আসামি করা হয়।

এ বিষয়ে বনানী থানার ওসি নুরে আযম বলেন, ‘ড্যান্ডি খাওয়া নিয়ে কয়েক জনের মধ্যে বাগিবতণ্ডা হয়। এক পর্যায়ে মারামারি লেগে যায়। জনির সঙ্গে থাকা ছুরি দিয়ে আরিফকে আঘাত করলে এতে আরিফের মৃত্যু হয়। পরে নিহতের পরিবার থানায় মামলা দায়ের করে। রাতেই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তসহ দুই জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে একজন কিশোরীও রয়েছে। হত্যাকাণ্ডে আরো যারা জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’