রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকার মেঘনা মেটাল প্লাস্টিক কারখানা ও হাটাবো এলাকার ফ্লাই রাবার অ্যান্ড ফুটওয়্যার কারখানায় গতকাল শনিবার ভোরে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এতে মেঘনা মেটালের প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। ফ্লাই রাবার অ্যান্ড ফুটওয়্যার কারখানার দুই শ্রমিক আহত হন। তবে এ কারখানার ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
মেঘনা মেটালের মালিক খোকন মিয়া জানান, গতকাল ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে কারখানার মূল ভবনে আগুনের সূত্রপাত হয়ে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। কাঞ্চন, ডেমরা ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের তিন ইউনিটের কর্মীরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মালামালসহ প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফ্লাই রাবার কারখানার সহকারী ম্যানেজার সঞ্জিব জানান, শনিবার ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে একটি মিক্সার মেশিন ও দুইটি রোলার মেশিনসহ কিছু কাঁচামাল পুড়ে যায়। এ সময় মিলের বিকল্প কোনো সিঁড়ি না থাকায় দড়ি দিয়ে নামতে গিয়ে আতিয়ার ও কাদের নামে দুই শ্রমিক আহত হন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, আগুনের পৃথক দুইটি ঘটনাই পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।