ইত্তেফাক রিপোর্ট
সাভারে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর গ্রাম থেকে তাদের আটক করা হয়। গতকাল শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলো—কুষ্টিয়া জেলার কুমারখালী থানার বাটিকামারা গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে মাসুদ রানা ও পটুয়াখালী জেলার গলাচিপা থানার পটিয়া গ্রামের মৃত আব্দুল কাদের মৃধার ছেলে রাজ্জাক মৃধা। পুলিশ জানায়, আটক দুই প্রতারক প্রায়ই সাভারের বিরুলিয়ায় এসে আড্ডা দিত। তাদের কথাবার্তা ও চাল-চলনে স্থানীয়দের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হয়। শুক্রবার স্থানীয়রা দুই জনের পরিচয় জানতে চাইলে তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিশেষ অভিযান পরিচালনার জন্য এসেছেন বলে জানান। কিন্তু স্থানীয়রা তাদের চ্যালেঞ্জ এবং দুই জনকে আটক করে বিষয়টি বিরুলিয়া পুলিশ ফাঁড়িতে জানায়।