জামালপুর প্রতিনিধি
পৌরসভা নির্বাচনে জামালপুরের ইসলামপুর পৌরসভায় মেয়র পদে প্রথম নারী হিসেবে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামপুরের ঐতিহ্যবাহী মোশাররফ পরিবারের পুত্রবধূ ডলি মোশাররফ। বর্তমানে তিনি মহানগর (দক্ষিণ) মহিলা যুবলীগের দপ্তর সম্পাদক ও ইসলামপুর উপজেলা মহিলা যুবলীগের সদস্য।
ডলি মোশাররফ জামালপুর-২ আসনের ছয় বারের সংসদ সদস্য রাশেদ মোশাররফের পুত্রবধূ। তার চাচা শ্বশুর ছিলেন মেজর জেনারেল খালেদ মোশাররফ। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকার রাজপথে মিছিল করেছিলেন তার দাদি শাশুড়ি জমিলা বেগম। এছাড়া ইসলামপুর পৌরসভার প্রতিষ্ঠাতা মেয়র ছিলেন তার স্বামী।
মেয়র হিসেবে স্বামীর উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতেই তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বলে তিনি জানান। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, কোনো কিছুর লোভে আমি ক্ষমতায় যেতে চাই না। আমি আমার স্বামীর উন্নয়ন কর্মকাণ্ড ও জনসেবায় পারিবারিক ধারা অব্যাহত রাখতেই মেয়র পদে দলীয় মনোনয়ন চাইছি।