ইত্তেফাক ডেস্ক
নওগাঁর বদলগাছীতে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন কয়াভবানী গ্রামের ভ্যানচালক জিল্লুর রহমান ও জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আমশালা গ্রামের জহুরুল ইসলাম। তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে সিদ্ধিরগঞ্জে মুয়াজ্জিনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় গত শুক্রবার রাতে মুয়াজ্জিন রফিকুল ইসলাম রবিনের (২৫) বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা। গ্রেফতার রফিকুল ইসলাম রবিন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মহজমপুর এলাকার মো. সোহরাব মিয়ার ছেলে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন গৌরিপুর উপজেলার মাইজহাটি গ্রামের আবুল কালামের ছেলে আতাউর রহমান (২৮) ও রমজান আলী (৩৮)। যশোরের অভয়নগর উপজেলা পরিষদের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অফিস সহায়ক জাহিদুল ইসলামকে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এর আগে শিশুটির মা জাহিদুলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা অভয়নগর থানার এসআই উজ্জ্বল হোসেন বলেন, শনিবার ম্যাজিস্ট্রেটের সামনে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়েছে।